বাংলা সিনেমার দুই কিংবদন্তি – উত্তম কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায়। পর্দায় তাঁদের নিয়ে যতই তুলনা হোক, ব্যক্তিগত সম্পর্কে ছিল গভীর স্নেহ। সৌমিত্র মজা করে উত্তম কুমারকে বলতেন, “উত্তমদার সঙ্গে তো আমার প্রেমের সম্পর্ক!” উত্তমও তাঁকে স্নেহে ডাকতেন ‘পুলু’ বলে।
একবার উত্তম কুমারের ছেলে গৌতমের বিয়েতে ঘটেছিল মজার এক ঘটনা। দক্ষিণ কলকাতার ম্যান্ডিভিলা গার্ডেনসের সেই অনুষ্ঠানে হাজির ছিলেন সৌমিত্রও। চারপাশে তখন তারকাদের ভিড়। বিয়ের আনন্দে ব্যস্ত সবাই। অতিথিদের সঙ্গে দেখা করে সৌমিত্রও খাবারের দিকে এগোচ্ছিলেন।
হঠাৎ দূর থেকে উত্তমের গলা। “পুলু! ওদিকে যাস না একদম!” চমকে থেমে যান সৌমিত্র। কাছে এসে উত্তম বলেন, “তুই আজ খাবি না। এখানকার খাবার তোকে খেতে দেব না।” এমন কথা শুনে অবাক হয়ে যান সৌমিত্র। তখনই কারণটি জানান মহানায়ক। তিনি জানতেন, সৌমিত্র-র গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে। বিয়েবাড়ির তেল-মশলাদার খাবার খেলে তাঁর শরীর খারাপ হতে পারে।
এরপর স্ত্রী গৌরীদেবীকে ডেকে উত্তম বলেন, পুলুর জন্য দই আর মিষ্টি আনতে। এত ব্যস্ততার মধ্যেও সৌমিত্র-র অসুস্থতার কথা মনে রেখেছিলেন তিনি। ঘটনাটি সৌমিত্রকে গভীরভাবে ছুঁয়ে যায়। পর্দায় দুই মহাতারকা ছিলেন প্রতিদ্বন্দ্বী। কিন্তু বাস্তব জীবনে তাঁদের সম্পর্ক ছিল ভালোবাসা, যত্ন আর আন্তরিকতায় ভরা।






































Discussion about this post