ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার খবর শুনলে খুশি হওয়ারই কথা। কিন্তু এখন সেই আনন্দকেই ফাঁদ বানাচ্ছে প্রতারকরা। হঠাৎ ফোনে আসছে মেসেজ। সেখানে লেখা থাকছে, আপনার অ্যাকাউন্টে ১০ হাজার বা তার বেশি টাকা জমা হয়েছে। সঙ্গে থাকছে একটি লিঙ্ক। মেসেজটি দেখতে অনেকটা আসল ব্যাঙ্ক বা কোনও সংস্থার নোটিফিকেশনের মতো। তাই অনেকেই বিষয়টি সত্যি ভেবে ফেলছেন।

ফাঁদটি শুরু হয় ওই লিঙ্কে ক্লিক করলেই। টাকা সত্যিই ঢুকেছে কি না দেখতে গিয়ে অনেকে লিঙ্কে প্রবেশ করেন। এরপর একটি ভুয়ো ওয়েবসাইট খুলতে পারে। সেখানে অ্যাকাউন্ট নম্বর, কার্ডের তথ্য, পিন, পাসওয়ার্ড বা ওটিপি চাইতে পারে। কখনও আবার কোনও অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। সেই অ্যাপের মাধ্যমে ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হতে পারে। আবার ইউপিআই-তে টাকা পাঠানো বা ‘পেমেন্ট রিসিভ’ করার নামে পিন দিতে বলা হতে পারে। ভুল করে তথ্য দিলে প্রতারকদের হাতে চলে যেতে পারে গুরুত্বপূর্ণ তথ্য। তারপর মুহূর্তেই অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হওয়ার আশঙ্কা থাকে।
তাই এমন মেসেজ পেলেই সতর্ক হোন। মেসেজে দেওয়া কোনও লিঙ্কে ক্লিক করবেন না। টাকা জমা হয়েছে কি না দেখতে সরাসরি নিজের ব্যাঙ্কের অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট খুলুন। প্রয়োজন হলে ব্যাঙ্কের হেল্পলাইনে যোগাযোগ করুন। অপরিচিত কোনও অ্যাপ ইনস্টল করবেন না। কাউকেই ওটিপি, ইউপিআই পিন, সিভিভি বা পাসওয়ার্ড জানাবেন না। মনে রাখবেন, টাকা পাওয়ার জন্য কখনও পিন দিতে হয় না। সন্দেহজনক মেসেজ এলে সেটি রিপোর্ট করে ডিলিট করুন। ভুল করে তথ্য দিয়ে ফেললে দ্রুত ব্যাঙ্ককে জানান এবং প্রয়োজন হলে সাইবার ক্রাইমে অভিযোগ করুন।






































Discussion about this post