শহরের নামী স্কুল নয়। প্রত্যন্ত গ্রামের একটি সরকারি স্কুলেই এবার বদলের ছবি। সীমিত সরকারি অনুদানকে কাজে লাগিয়েই সেখানে চালু হল স্মার্ট ক্লাস। ফলে গ্রামের সাধারণ পরিবারের পড়ুয়ারাও এবার ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পড়াশোনার সুযোগ পাবে। শিক্ষকদের উদ্যোগ এবং আন্তরিক সহযোগিতাতেই সম্ভব হয়েছে এই পরিবর্তন। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আরও আকর্ষণীয় করে তোলা হবে পঠনপাঠন।
সম্প্রতি স্কুল চত্বরে স্মার্ট ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমজীবী স্বাস্থ্য প্রকল্পের গৌতম সরকার এবং শিল্পী ঘোষ। তাঁদের হাতেই নতুন উদ্যোগের সূচনা হয়। স্কুলের শিক্ষকরাও এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয়েছে প্রয়োজনীয় পরিকাঠামো। এবার ক্লাসরুমেই প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন বিষয় শেখানো হবে। এতে পড়াশোনার প্রতি পড়ুয়াদের আগ্রহও বাড়বে বলে আশা স্কুল কর্তৃপক্ষের।
এই উদ্যোগে খুশি স্কুলের বিদায়ী প্রধান শিক্ষক তাপস কুমার রক্ষিত। তাঁর কথায়, বহুদিনের ইচ্ছা এবার পূরণ হয়েছে। তিনি আশা করছেন, স্মার্ট ক্লাসের ফলে পড়ুয়ারা আরও ভালোভাবে পড়াশোনা করবে। পাশাপাশি সরকারি স্কুলে ভর্তির আগ্রহও বাড়বে। তাঁর মতে, পরিকাঠামোর উন্নতি হলে সরকারি স্কুলের প্রতি পড়ুয়া ও অভিভাবকদের আস্থা বাড়ে। সীমিত অর্থের মধ্যেও পরিকল্পিত উদ্যোগ নেওয়া সম্ভব। প্রত্যন্ত এলাকার এই স্কুল সেই বার্তাই তুলে ধরল।






































Discussion about this post