গ্যাংটক থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরে রয়েছে পূর্ব সিকিমের ছোট্ট পাহাড়ি গ্রাম পাস্তাঙ্গা। পর্যটকদের কাছে এখনও খুব বেশি পরিচিত নয় এই জনপদ। তাই এখানে গেলে মিলবে নিরিবিলি পরিবেশ। শীতের ছুটিতে শহরের কোলাহল থেকে দূরে কয়েকটা দিন কাটাতে চাইলে পাস্তাঙ্গা হতে পারে আদর্শ ঠিকানা। প্রায় ৪৭০০ ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রাম সবুজ অরণ্যে ঘেরা। ভুটানি শব্দ ‘পাসিং তেংখা’ থেকে পাস্তাঙ্গা নামের উৎপত্তি। যার অর্থ বাঁশবনের নীচে।

পাস্তাঙ্গার চারপাশে রয়েছে ঘন জঙ্গল, পাহাড়ি পথ এবং ছোট ছোট ঝরনা। এখানে নানা ধরনের ঔষধি গাছ ও অর্কিডের দেখা মেলে। শীতের সকালে গ্রামের আঁকাবাঁকা পথ ধরে হাঁটতে বেশ ভালো লাগবে। পাহাড়ের ঢালে আদা ও এলাচের চাষ হয়। জঙ্গলে দেখা মেলে নানা প্রজাতির পাখি ও প্রজাপতির। গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে তোকচেন নদী। নদীর ধারে বসে সময় কাটাতে পারেন। চাইলে পিকনিকও করতে পারেন।

পাস্তাঙ্গার অন্যতম আকর্ষণ ১৫০ বছরের পুরনো হেরিটেজ হাউস। রাই ও ভুটিয়া সম্প্রদায়ের ঐতিহ্য মেনে বাঁশ ও মাটি দিয়ে তৈরি বাড়িগুলি গ্রামের ইতিহাস বহন করে। ঘুরে দেখতে পারেন সুমনিওয়ারি জলপ্রপাত। আশপাশের গৈরিগাঁও ও আসাম লিংজে গ্রামেও যেতে পারেন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। তবে ঢুঙ্গেলখড়কা বা খেদির পথে ট্রেক করলে হিমালয়ের শৃঙ্গ দেখার সুযোগ রয়েছে। এই ট্রেক বেশ কঠিন। তাই শারীরিক সক্ষমতা থাকা জরুরি।

পাস্তাঙ্গা যেতে হলে প্রথমে পৌঁছতে হবে নিউ জলপাইগুড়ি বা বাগডোগরা। সেখান থেকে গাড়ি ভাড়া করে যাওয়া যায়। এনজেপি থেকে দূরত্ব প্রায় ১২২ কিলোমিটার। গাড়ি ভাড়া আনুমানিক ৪৫০০-৫০০০ টাকা। গ্যাংটক থেকেও গাড়ি ভাড়া করে পৌঁছনো যায়। এখানে শেয়ার গাড়ির সুবিধা নেই। থাকার জন্য রয়েছে কয়েকটি হোমস্টে। থাকা ও খাওয়া মিলিয়ে জনপ্রতি দৈনিক খরচ প্রায় ১৫০০-১৮০০ টাকা। শীতে যাওয়ার আগে রাস্তার অবস্থা ও আবহাওয়া সম্পর্কে খোঁজ নিয়ে নেবেন।
চিত্র ঋণ – ডমিনিক গৌচরণ, শুভদ্বীপ টিটু দাস ও মাবু রাহমান






































Discussion about this post