কিছু মানুষ চলে গিয়েও থেকে যান মানুষের ভালোবাসায়, তাঁদের কাজের মধ্যে দিয়ে। পাহাড়ের উঁচু শৃঙ্গ জয় থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, জীবনের প্রতিটি ক্ষেত্রেই মানুষের জন্য কাজ করে গিয়েছিলেন দেবাশীষ চৌধুরী। আজ তিনি না থাকলেও তাঁর দেখানো পথে হাঁটছেন তাঁর দিদি দেবাঞ্জলী সেন ও স্ত্রী মৌমিতা চক্রবর্তী। ইছাপুর রাইফেল ফ্যাক্টরির প্রাক্তন জুনিয়র ওয়ার্কস ম্যানেজার দেবাশীষের শখ ছিল ছবি তোলা, পাহাড়ে ট্রেকিং করা এবং মানুষের পাশে দাঁড়ানো।

করোনা অতিমারির সময় যখন মানুষ একে অন্যের বাড়িতে যেতেও ভয় পাচ্ছিলেন, তখন অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এসেছিলেন তিনি। কার্গিলে ১৮,৩৮০ ফুট উচ্চতায় পৌঁছনোর পাশাপাশি লাদাখেও ভারতের পতাকা হাতে অভিযান চালিয়েছিলেন। নৈহাটির একটি প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষক হিসেবেও যুক্ত ছিলেন তিনি। দেবাশীষের স্ত্রী মৌমিতা চক্রবর্তী আজও তাঁর দেখানো পথে ট্রেকিং চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি দিদি দেবাঞ্জলী সেনের সঙ্গে তিনিও বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত রয়েছেন। প্রায় তিন বছর ধরে দু’জনে মিলে চালিয়ে যাচ্ছেন নানা মানবিক কাজ।
দেবাঞ্জলি আর মৌমিতার সম্মিলিত উদ্যোগেই গত ২২ নভেম্বর (রবিবার) ব্যারাকপুরের একটি ইটভাটায় ৫৫ জন শিশু ও তাঁদের বাবা-মায়ের হাতে খাবার তুলে দেওয়া হয়। পাশাপাশি চুঁচুড়ার বাঁশবেড়িয়া গন্ধেশ্বরী ঘাটের প্রয়াগ ওয়েলফেয়ার সোসাইটিতেও মানুষের হাতে খাবার তুলে দেন তাঁরা। ভবিষ্যতে দেবাশীষের নামে একটি সমাজসেবামূলক সংস্থা গড়ে তোলার ইচ্ছা রয়েছে দেবাঞ্জলীর। ইচ্ছেটি বাস্তবায়িত হবে বলেই জানিয়েছেন দেবাঞ্জলি। কারণ, তাঁর বিশ্বাস মানুষ চলে গেলেও মানুষের জন্য করে যাওয়া কাজের মধ্য দিয়েই তিনি বেঁচে থাকেন আজীবন।






































Discussion about this post