মাত্র ৭৭ টাকায় হোটেল রুম! শুনলে মনে হতে পারে অবিশ্বাস্য কোনও অফার। ভ্রমণপিপাসুদের কাছে যেন লটারির মতো সুযোগ। কিন্তু এই সস্তা থাকার ব্যবস্থার আড়ালে রয়েছে এক অদ্ভুত শর্ত। জাপানের ফুকুওকার একটি ছোট হোটেলে রাত কাটাতে চাইলে আপনাকে মেনে নিতে হবে একটি বিশেষ নিয়ম। আপনার পুরো সময়টাই ক্যামেরায় ধরা পড়বে এবং সরাসরি সম্প্রচার হবে ইউটিউবে।
ফুকুওকার ‘বিজনেস রিওকান আসাহি’ নামের এই হোটেলের একটি বিশেষ ঘর রয়েছে ‘রুম নম্বর ৮’। এখানে মাত্র ১০০ ইয়েন, অর্থাৎ প্রায় ৭৭ টাকার বিনিময়ে রাত কাটানোর সুযোগ পাওয়া যায়। কিন্তু ঘরে ঢুকেই বোঝা যায়, বিষয়টা সাধারণ নয়। ঘরের এক কোণে রাখা একটি ছোট ক্যামেরা নীরবে পুরো ঘরটিকে পরিদর্শন করে। এই দৃশ্য সরাসরি সম্প্রচার হয় ইউটিউবের ‘ওয়ান ডলার হোটেল’ নামে একটি চ্যানেলে। যেখানে দর্শকরা সারাক্ষণই দেখতে পারেন অতিথিদের ঘরের ভেতরের মুহূর্তগুলো।
তবে এই লাইভ স্ট্রিমের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। সম্প্রচারে কোনো শব্দ থাকে না, অর্থাৎ দর্শক শুধু দৃশ্যই দেখতে পান। বাথরুমকে সম্পূর্ণভাবে ক্যামেরার বাইরে রাখা হয়েছে, যাতে অতিথির ন্যূনতম ব্যক্তিগত গোপনীয়তা বজায় থাকে। কিন্তু ঘরের বাকি অংশ সব সময়ই ক্যামেরার আওতায়। তাই যারা এই ঘর বুক করেন, তাদের কিছু নিয়মও মেনে চলতে হয়। নগ্নতা সম্পূর্ণ নিষিদ্ধ, কোনও ব্যক্তিগত বা সংবেদনশীল আচরণ করা যাবে না, এমনকি পাসপোর্ট বা ক্রেডিট কার্ডের মতো ব্যক্তিগত তথ্যও ক্যামেরায় দেখানো যাবে না।
এই অদ্ভুত উদ্যোগের ভাবনা আসে হোটেলটির ম্যানেজার তেতসুয়া ইনোয়ের মাথায়। দাদির কাছ থেকে হোটেলের দায়িত্ব নেওয়ার পর তিনি দেখেন, একটি ঘর প্রায়ই খালি পড়ে থাকে। একদিন ইউটিউবে কাউকে হোটেলে থাকার লাইভ সম্প্রচার করতে দেখে তার মাথায় নতুন আইডিয়া আসে। এই খালি ঘরটিকেই কেন কনটেন্টে পরিণত করা যাবে না? সেখান থেকেই শুরু হয় ‘ওয়ান ডলার হোটেল’-র ধারণা। কখনও যদি ঘরটিতে কোনো অতিথি না থাকে, তখন ইনোয়ে ক্যামেরা ঘুরিয়ে নিজের অফিসের দিকে দেন, আর দর্শকরা লাইভে দেখেন তাকে কাজ করতে। শেষ পর্যন্ত হিসেবটা সহজ। অতিথি কম খরচে থাকার জায়গা পান, আর তার বিনিময়ে নিজের জীবনের কিছু মুহূর্ত ভাগ করে নেন অনলাইন দর্শকদের সঙ্গে।






































Discussion about this post