পাহাড়ে গেলে ভিড় আর তাড়াহুড়ো – এই ধারণাটা ভাঙতে চাইলে একবার ঘুরে আসতেই পারেন অ্যাম্বোটিয়া। কার্শিয়াংয়ের কাছেই লুকিয়ে থাকা এই ছোট্ট গ্রাম যেন মেঘের ভাঁজে মোড়া এক শান্ত পৃথিবী। এখানে নেই কোলাহল। নেই পর্যটকের ভিড়। আছে শুধু নিস্তব্ধতা, সবুজ আর প্রকৃতির গভীর টান। তাই উইকএন্ডে শহরের ক্লান্তি ঝেড়ে ফেলতে এটি হতে পারে এক আদর্শ ঠিকানা।

অ্যাম্বোটিয়ার সবচেয়ে বড় আকর্ষণ তার বিশাল অর্গানিক চা বাগান। যতদূর চোখ যায়, ঢেউ খেলানো সবুজের বিস্তার। মনে হয় পাহাড়ের গায়ে কেউ সবুজ কার্পেট বিছিয়ে দিয়েছে। এই চা বাগান শুধু সুন্দর নয়, বিশ্বজোড়া খ্যাতিও রয়েছে এর। সরু পথ ধরে হাঁটতে হাঁটতে শোনা যায় পাখির ডাক। বাতাসে মিশে আছে চা পাতার গন্ধ। চারিপাশে পাইন গাছের সারি। প্রকৃতির এই সরল সৌন্দর্য্য মনকে অদ্ভুত শান্তি দেয়।

দেখার মতো জায়গাও কম নয় এখানে। অ্যাম্বোটিয়া শিব মন্দির এক গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। মন্দির চত্বরে দাঁড়িয়ে চোখে পড়ে পাহাড়ের অপার সৌন্দর্য্য। কাছেই রয়েছে অ্যাম্বোটিয়া ল্যান্ডস্লাইড ভিউপয়েন্ট। প্রকৃতির ভয়ংকর আর সুন্দর রূপ একসঙ্গে দেখা যায় এখানে। নিচে বয়ে চলা বালাসন নদী উপত্যকার দৃশ্যকে আরও মনোরম করে তোলে। চাইলে অনুমতি নিয়ে চা কারখানাও ঘুরে দেখা যায়। কীভাবে চা তৈরি হয়, তা কাছ থেকে দেখার অভিজ্ঞতা বেশ আলাদা।

থাকার জন্য বড় হোটেল নেই এখানে। এটাই এর আসল আকর্ষণ। ছোট ছোট হোমস্টেগুলোই পর্যটকদের ভরসা। স্থানীয় মানুষের আন্তরিক ব্যবহার মন ছুঁয়ে যায়। কাঠের বাড়ির বারান্দায় বসে মেঘের খেলা দেখা যায়। রাতে আকাশ ভরে ওঠে তারায়। আর নিচে জ্বলজ্বল করে কার্শিয়াং শহরের আলো। এখানে সময় যেন ধীরে চলে। তাই একবার এলে, মন বারবার ফিরে যেতে চাইবে এই নির্জন স্বর্গে।
চিত্র ঋণ – রনিক, অ্যাম্বোটিয়ার ফেসবুক পেজ, প্রমিতপ্রণয় ছেত্রী






































Discussion about this post